শিরোনাম

ঢাকা, ৩ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর আদাবর থানা এলাকায় একটি হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি-তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো রিপন (২৭), নিরব (২৫), মজনু মিয়া (৬০) ও মো. মিজানুর রহমান (৪০)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি-তেজগাঁও বিভাগ সূত্র জানায়, গত বুধবার (১ জুলাই) রাতে আদাবর থানাধীন নবোদয় হাউজিংয়ের চার রাস্তার মোড় এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের হয়।
এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো.আবুল বাশার (৪৫) ও মো. সাদ্দাম হোসেন (৩৫) গুরুতর আহত হন। আহতদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১টা ৩০মিনিটে আবুল বাশার মারা যান। আহত সাদ্দাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।