বাসস
  ০২ জুলাই ২০২৬, ২২:১৬

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর, নিহত সাত জাপানি নাগরিকের প্রতি শ্রদ্ধা জানাল জাইকা

ছবি; সংগৃহীত

ঢাকা, ২ জুলাই, ২০২৬ (বাসস) : ২০১৬ সালের ১ জুলাই সংঘটিত হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত ৭ জাপানি নাগরিকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। একই সঙ্গে ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত অন্যদেরও স্মরণ করা হয়।

এ উপলক্ষে আজ রাজধানীর উত্তরায় মেট্রোরেল প্রদর্শনী ও তথ্যকেন্দ্রে (এমইআইসি) আয়োজিত স্মরণসভায় জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো, দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুইয়া, জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো, জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোআকি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাপান সরকার ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ সরকারের প্রতিনিধি, নিহতদের পরিবারের সদস্য, উন্নয়ন সহযোগী সংস্থা এবং সংশ্লিষ্ট অংশীজনরাও অনুষ্ঠানে অংশ নেন। এ সময় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শান্তি, সহনশীলতা ও সহযোগিতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

আজ জাইকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জাইকা জানায়, নিহত সাত জাপানি নাগরিক বাংলাদেশের মেট্রোরেল ব্যবস্থার প্রাথমিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তাদের প্রচেষ্টায় গড়ে ওঠা ঢাকা মেট্রোরেল বর্তমানে রাজধানীর লাখো মানুষের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এটি জাপান-বাংলাদেশ উন্নয়ন অংশীদারিত্বের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো বলেন, ‘বাংলাদেশ সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। তবে সেদিনের দুর্ঘটনায় আমরা যাদের হারিয়েছি, তারা চেয়েছিলেন বাংলাদেশের মানুষ যেন আরও ভালোভাবে, উন্নত পরিবেশে বাঁচতে পারে। আমরা তাদের সেই স্বপ্ন ধারণ করে এবং নিরাপত্তার প্রতি দৃঢ় অঙ্গীকার রেখে আমরা উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে আশাবাদী।’

তিনি বলেন, হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছরে জাইকা বাংলাদেশের উন্নয়ন যাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। ঢাকা মেট্রোরেল দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা, যৌথ উদ্যোগ এবং টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকারের উজ্জ্বল নিদর্শন।

অনুষ্ঠানে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সম্পৃক্ত বিভিন্ন জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানগুলো হলো- কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল, ওরিয়েন্টাল কনসালট্যান্টস গ্লোবাল, টোকিউ কনস্ট্রাকশন, টোয়া কর্পোরেশন, তেক্কেন কর্পোরেশন, নিপ্পন সিগন্যাল, কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ, নিপ্পন কোই, মারুবেনি কর্পোরেশন এবং মিতসুবিশি কর্পোরেশন।

বাংলাদেশ সরকারের পক্ষে অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শৌগাতুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।