বাসস
  ০১ জুলাই ২০২৬, ২২:৩৬

স্টক এক্সচেঞ্জকে বাজার নিয়ন্ত্রণের মাপকাঠি নির্ধারণে স্বাধীনতা দিল বিএসইসি

ফাইল ছবি

ঢাকা, ১ জুলাই, ২০২৬ (বাসস): পুঁজিবাজারে শেয়ারের দর ওঠানামা নিয়ন্ত্রণে ব্যবহৃত সার্কিট ব্রেকারসহ বাজার নিয়ন্ত্রণের বিভিন্ন মাপকাঠি নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) স্বাধীনভাবে প্রয়োগের সুযোগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে গত ৩০ জুন কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত ১০১৮তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুযায়ী সার্কিট ব্রেকার সীমাসহ বাজার নিয়ন্ত্রণের বিভিন্ন মাপকাঠি নির্ধারণ ও বাস্তবায়নের এখতিয়ার ডিএসই ও সিএসইর রয়েছে। এ কারণে প্রযোজ্য প্রবিধান, নীতিমালা ও কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তার আলোকে এসব মাপকাঠি স্বাধীনভাবে নির্ধারণ ও বাস্তবায়নের জন্য দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ১৭ জুন জারি করা এ সংক্রান্ত কমিশনের আদেশ বাতিল করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিশন সভায় আরও সিদ্ধান্ত হয়, বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে ট্রাস্টি চাইলে সম্পদ ব্যবস্থাপকের প্রস্তাবের ভিত্তিতে বিনিয়োগকারী এবং পুঁজিবাজারের সার্বিক স্বার্থ বিবেচনায় অর্থবছর শেষে অর্জিত আয় লভ্যাংশ হিসেবে বিতরণ না করে তা ফান্ডে পুনঃবিনিয়োগের অনুমোদন দিতে পারবেন।

বিএসইসি মনে করছে, এ সিদ্ধান্তের মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় স্টক এক্সচেঞ্জগুলোর কার্যকর ভূমিকা আরও জোরদার হবে এবং দীর্ঘমেয়াদে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে সহায়ক হবে।