শিরোনাম

ঢাকা, ৩০ জুন, ২০২৬ (বাসস) : ঢাকাস্থ মার্কিন দূতাবাস ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ফ্রিডম ২৫০’ উদ্যোগের অংশ হিসেবে সাত দিনের এই কর্মসূচি ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই স্বাক্ষরিত এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এ যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধ তুলে ধরতে বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ফ্রিডম ২৫০’ কনসার্টে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্যান্ড মাউকা ব্রাস-এর পরিবেশনা, ঢাকায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমেরিকান ফেয়ার’ এবং সিলেটে ‘ফাউন্ডার্স মিউজিয়াম’ প্রদর্শনীর উদ্বোধন।
এছাড়া সপ্তাহজুড়ে চারটি শহরে আরও নানা সাংস্কৃতিক ও জনসম্পৃক্ততামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন দেশটির সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধ বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবেন।