শিরোনাম

বরিশাল, ৩০ জুন, ২০২৬ (বাসস) : বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানার আওতায় ১৪টি এবং এয়ারপোর্ট থানার ১টি কেন্দ্রসহ ১৫টি কেন্দ্রে আগামী ২ জুলাই ২০২৬ তারিখ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সমাবেশ, মিছিলসহ বিস্ফোরক দ্রব্যাদি বহনে নিষেধাজ্ঞা জারি বিএমপি’র।
পরীক্ষা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব থেকে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল সরকারি মহিলা কলেজ, বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বরিশাল সরকারি কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল সিটি কলেজ, বেগম তোফাজ্জল হোসন মানিক মিয়া মহিলা কলেজ, বরিশাল ইসলামিয়া কলেজ, আলেকান্দা সরকারি কলেজ, শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, তালুকদারহাট স্কুল এন্ড কলেজ, চাঁদপাশা হাইস্কুল এ্যান্ড কলেজ বাবুগঞ্জ, সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা, বাঘিয়া আল আমিন মাদ্রাসা ও বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসমূহের আশপাশ এলাকার দুইশত গজ পরিধির মধ্যে যেকোন ধরণের শব্দযন্ত্র বা লাউড স্পিকার ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, মিটিং, অসৎ উদ্দেশ্যে ইট-পাথর ইত্যাদি সংগ্রহ বা বহন, অস্ত্র-গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্যাদি বহনের উপর বরিশাল মহানগরী পুলিশ আইন প্রদত্ত ক্ষমতাবলে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ সব নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।