শিরোনাম

চট্টগ্রাম, ৩০ জুন ২০২৬ (বাসস): চট্টগ্রাম বন্দর চ্যানেলে এমভি বে হারবার-২ নামে একটি পাথরবোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আটজনকে এবং পরে আরও চারজনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (৩০ জুন) ভোরে চট্টগ্রামের কর্ণফুলী নদীর নেভাল একাডেমির বিপরীতে একটি লাইটার জাহাজ ডুবির এ ঘটনা ঘটে।
সাগর থেকে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ আসা-যাওয়া করে কর্ণফুলী নদী দিয়ে। তবে দুর্ঘটনার কারণে বন্দরে জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও চিফ পারসোনাল অফিসার নাসির উদ্দিন জানান, ভোর সাড়ে ৫টার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের একটি লাইটার জাহাজ আংশিক ডুবে যায়। তবে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনও সমস্যা হচ্ছে না।
কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, লাইটার জাহাজটি ডুবে যাওয়ার খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা অভিযান শুরু করেন। তাৎক্ষণিকভাবে আটজনকে এবং পরে আরও চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
বন্দর জানায়, লাইটার জাহাজটি বে হারবার লিমিটেডের। জাহাজটিতে পাথর বোঝাই করা ছিল। দুর্ঘটনার পর জাহাজটি উদ্ধারে মালিকপক্ষ চেষ্টা করছে বলে জানিয়েছে বন্দর বন্দর কর্তৃপক্ষ।