বাসস
  ২১ মে ২০২৬, ১৬:০৬

ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন

ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ মে, ২০২৬ (বাসস) : চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে কবির নামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

আজ কারাগার থেকে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে হাজির করে পুলিশ। 
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। 

শুনানি শেষে বিচারক তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর এলাকায় ফায়ার সার্ভিসের সামনে ব্যবসায়ী কবির ও তার শ্যালক ভ্যানগাড়িতে কাপড় বিক্রি করছিলেন। 

ওই সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে সাধারণ ছাত্রদের ওপর হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করে।

এ সময় রবার বুলেটের আঘাতে ব্যবসায়ী কবির রাস্তায় লুটিয়ে পড়লে, আসামিরা তাকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। 

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

এর কিছুক্ষণ পরে একই এলাকায় কাপড় গোছানোর সময় কবিরের শ্যালকের ওপরও নির্বিচারে গুলি চালানো হয়। এতে একটি গুলি তার বাম পায়ে লাগলে তিনি রক্তাক্ত জখম হন। 

তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া টিয়ারশেলের আঘাতে তার দুটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। 

পরে তাকে পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়। 

এ ঘটনায় ব্যবসায়ী কবির ২০২৫ সালের ২৫ জানুয়ারি মিরপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

গত বছরের ২২ জুন গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা গ্রামে বাবার বাড়ি থেকে তুহিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 

বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।