বাসস
  ২১ মে ২০২৬, ১৬:০০

সংসদ গ্রন্থাগারের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিতের সুপারিশ সাব-কমিটির

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

ঢাকা, ২১ মে, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদ গ্রন্থাগারের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিতের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সাব-কমিটি।

আজ সংসদ ভবনে কমিটির আহ্বায়ক হুমাম কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য মীর আহমাদ বিন কাসেমও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় সংসদ গ্রন্থাগারের উন্নয়ন,আধুনিকায়ন এবং তথ্যপ্রাপ্তিকে সহজতর করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সর্বপ্রথম বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগারে সংরক্ষণের জন্য ক্রয়যোগ্য পুস্তকের খসড়া তালিকা চূড়ান্তকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি গ্রন্থাগারে সংরক্ষিত পুরাতন ও দুষ্প্রাপ্য নথি, ঐতিহাসিক ডকুমেন্ট এবং সংসদীয় বিতর্কসমূহ ডিজিটালাইজেশনের মাধ্যমে সহজে অনুসন্ধানযোগ্য করার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের আইটি অনুবিভাগ কর্তৃক উপস্থাপিত প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

বৈঠকে ই-পার্লামেন্ট সংক্রান্ত প্রকল্পের ডেভলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) দ্রুততম সময়ে একনেকে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সুপারিশ করা হয়। কমিটির মতে, এই প্রকল্প কার্যকর হলে সংসদীয় কার্যক্রমের ডিজিটাল ব্যবস্থাপনা আরও দ্রুত ও দক্ষ হবে।

এ ছাড়া সংসদ গ্রন্থাগারে সংরক্ষিত তালিকাভুক্ত একশতটি পুস্তক ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। এই পদক্ষেপ অনলাইনভিত্তিক তথ্য অনুসন্ধানকে আধুনিক, সহজ ও ব্যবহারবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কমিটির সদস্যরা মত প্রকাশ করেন।

বৈঠকে আরও জানানো হয়, গ্রন্থাগারের প্রয়োজন ও প্রাসঙ্গিকতা বিবেচনায় ক্রয়যোগ্য পুস্তকের তালিকায় গুম-সংক্রান্ত পুস্তক সংযোজনের প্রস্তাব করা হয়েছে। খসড়া তালিকাটি পরিমার্জন শেষে মূল কমিটিতে উপস্থাপন করা হবে।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রন্থাগারের আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তর প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মতামত উপস্থাপন করেন তারা।