শিরোনাম

ঢাকা, ২০ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর লালবাগ এলাকা থেকে নিখোঁজ হওয়া আড়াই বছরের শিশু রাব্বি ইসলাম হাসিবকে উদ্ধার করেছে লালবাগ থানা পুলিশ।
আজ তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের সহায়তায় বেগুনবাড়ি এলাকা থেকে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার লালবাগ থানার শেখ সাহেব বাজার রোডের বাসিন্দা শিউলি আক্তার ও তার পরিবারের সদস্যরা ঘুমাচ্ছিলেন। বেলা ২টা ১৫ মিনিটে ঘুম থেকে উঠে শিউলি আক্তার তার আড়াই বছর বয়সী শিশু সন্তান রাব্বি ইসলাম হাসিবকে ঘরে নেই। পুত্রবধূ ও স্বামীসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও সন্তানের কোনো সন্ধান না পেয়ে ওই দিনই তিনি লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি হওয়ার পরপরই শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে লালবাগ থানা পুলিশের একটি টিম। ঘটনাস্থল ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তি এবং স্থানীয় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের উৎস ও অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।
আজ তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শিশু রাব্বি ইসলাম হাসিবকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশু বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তাকে তার পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি এ ঘটনার প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।