বাসস
  ২০ মে ২০২৬, ২৩:৩৪

আজারবাইজানে ডব্লিউইউএফ অধিবেশনে বাংলাদেশি সংগঠনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন 

ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ মে, ২০২৬ (বাসস) : আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের ওয়ার্ল্ড আরবান ফোরাম (ডব্লিউইউএফ)-এর ১৩তম অধিবেশনে বাংলাদেশি সংগঠন ‘ওয়ার্ল্ড লিংকআপ’-এর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।

আজ বুধবার অধিবেশনের চতুর্থ দিনে স্থানীয় সময় বেলা সাড়ে ৩টায় অধিবেশনস্থলের আরবান সিনেমা প্লেসে ‘ওয়েস্ট টু ওয়েলথ : বিল্ডিং রেজিলিয়েন্ট সিটিজ অ্যান্ড কমিউনিটিজ’ শীর্ষক চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়।

ওয়ার্ল্ড লিংকআপের নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহ চলচ্চিত্রটির বিভিন্ন দিক তুলে ধরেন। উদ্ভাবনী বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে, তা চলচ্চিত্রটিতে ফুটে উঠেছে। 

চলচ্চিত্রটি জাতিসংঘের আনুষ্ঠানিক নির্বাচিত তালিকায় স্থান পায়।

প্রদর্শনীতে জাতিসংঘের হিউম্যান সেটেলমেন্টস বিভাগের প্রধান দিয়াগো অনেস্টিয়া ভি, ইউরোপিয়ান কমিশনের ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান টম ডি গ্রোয়েবসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ মে শুরু হওয়া ছয় দিনব্যাপী এ অধিবেশন আগামী ২২ মে শেষ হবে। ফোরামে অংশ নেওয়া ওয়ার্ল্ড লিংকআপ এর সাত সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন আফসানা মাহমুদ, নিশাত খন্দকার, ফাইজা ফারহা, মোহনা হক, তাসিন খান ও মারুফ বিল্লাহ।