বাসস
  ২০ মে ২০২৬, ২৩:২৭
আপডেট : ২০ মে ২০২৬, ২৩:৩৩

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় বিশেষ রিকশা উদ্বোধন

ছবি : ইউএস এ্যাম্বাসি

ঢাকা, ২০ মে, ২০২৬ (বাসস): যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার রাস্তায় লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

এ উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্বের প্রতিফলন তুলে ধরা হয়।

আজ ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই সুসজ্জিত রিকশাগুলোর ছবি প্রকাশ করে। এতে দেখা যায়, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন একটি রিকশায় চড়ে প্রদর্শনীতে অংশ নেন।

আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতার ২৫০ বছর উদযাপন করবে। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে সামনে রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাধীনতা বার্ষিকী উদযাপন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, একটি মাত্র পার্চমেন্ট পেপার (চামড়ার তৈরি লেখার কাগজ) এবং ৫৬টি স্বাক্ষরের মাধ্যমে মানব ইতিহাসের সবচেয়ে মহান রাজনৈতিক অভিযাত্রা শুরু করেছিল আমেরিকা।

দূতাবাস জানায়, এই রঙিন রিকশাগুলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্ব, সাংস্কৃতিক মেলবন্ধন এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতীক।