বাসস
  ২০ মে ২০২৬, ২০:৪০

নিউইয়র্কে আর্ট এক্সিবিশনের জন্যে বাংলাদেশি শিল্পী কিবরিয়া কাজীর ২০টি শিল্পকর্ম নির্বাচিত 

ছবি : বাসস

ঢাকা, ২০ মে, ২০২৬ (বাসস) : প্রথমবারের মতো বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী কিবরিয়া কাজীর শিল্পকর্ম যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এশিয়ান আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার (এএএনএইচপিআই) গ্রুপ আর্ট এক্সিবিশনে স্থান পেয়েছে। 

তিনি সোসাইটি অব ফাইন আর্টস বাংলাদেশ-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আগামী ২৭ মে নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী অ্যালবানির অ্যালবানি কনভেনশন সেন্টারে এই প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত এশিয়ান আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান এবং প্যাসিফিক আইল্যান্ডার শিল্পীদের নির্বাচিত শিল্পকর্ম প্রদর্শিত হবে।

গত ১২ মে এশিয়ান আর্টস নিউইয়র্ক ইনকরপোরেটেডের সভাপতি ওয়েই কিন আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের ঘোষণা দেন। 

জানা যায়, অ্যালবানির ৩১৫ সেন্ট্রাল অ্যাভিনিউতে অবস্থিত নিউজ অ্যালবানি ও শিল্পবিষয়ক সাময়িকী ক্রিটিক-এর কার্যালয় পরিদর্শনের সময় ওয়েই কিন কিবরিয়া কাজীর একগুচ্ছ চিত্রকর্ম দেখেন এবং আসন্ন প্রদর্শনীর জন্য প্রায় বিশটি শিল্পকর্ম নির্বাচন করেন।

প্রদর্শনী প্রসঙ্গে ওয়েই কিন বলেন, কিবরিয়া কাজীর শিল্পকর্মে বৈচিত্র্য ও নান্দনিক গভীরতার অনন্য প্রকাশ রয়েছে। বহুসাংস্কৃতিক শিল্পচর্চার ক্ষেত্রে তার কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

নির্বাচন প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন কমিউনিটি সংগঠক অধ্যাপক মিজানুর রহমান, নিউজ অ্যালবানি ও ক্রিটিক পত্রিকার সম্পাদক-ইন-চিফ আদিত্য শাহীন এবং সম্পাদক লাইলা খালেদা।

কিবরিয়া কাজী বাংলাদেশের সমকালীন শিল্পাঙ্গনের সুপরিচিত মুখ। তিনি ইতোমধ্যে দেশে দু’টি একক প্রদর্শনী এবং শতাধিক দলীয় শিল্প প্রদর্শনীতে অংশ নিয়েছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার এই অন্তর্ভুক্তিকে বাংলাদেশের সমকালীন শিল্পকে বহুসাংস্কৃতিক বৈশ্বিক দর্শকের সামনে নতুনভাবে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।