বাসস
  ২০ মে ২০২৬, ১৯:৫৫

সভায় ৬০ দিনের ফিরিস্তি তুলে ধরলেন মসিক প্রশাসক

ছবি: বাসস

ময়মনসিংহ, ২০ মে, ২০২৬, (বাসস): প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের ৬০ দিনের কর্মযজ্ঞের ফিরিস্তি তুলে ধরলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। 

আজ বুধবার দুপুর ২টায় মসিকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি নিজের কাজের নানান অভিজ্ঞতা তুলে ধরেন।

সভায় নগরীর উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে মসিক প্রশাসক বলেন, এই নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা। এটি নিরসনই ছিল সিটি করপোরেশনের বড় চ্যালেঞ্জ। 

আমি প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের ৬৪ দিন অতিক্রম হয়েছে। এই সময়ে নগরীর প্রধান
সমস্যাগুলো চিহ্নিত করে দিনরাত কাজ করেছি। ইতোমধ্যে জলাবদ্ধতা সমস্যা অনেকটাই নিরসন
হয়ে গেছে।

খালগুলোতে এখন পানি প্রবাহ সচল রয়েছে। তবে স্থায়ী সামাধানে পরিকল্পা মাফিক কর্মযজ্ঞ
চলমান আছে।

এ সময় নিজেকে রাজনৈতিক কর্মী দাবি করে তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মী থেকে প্রশাসক হয়েছি। নিজেকে বদলে, নগরীকে বদলে দিতে চাই। জনগণের কল্যাণে কাজ করতে চাই।

সিএনজি বাসস্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধ, আর্চ ব্রিজ দ্রুত শেষ করতে চাই। আমার বিরুদ্ধে আপনারা লিখতে পারেন, কিন্তু আমি সরকারি জমি উদ্ধার করবোই। চরপাড়ার যানজট নিয়ে কোনো সেক্রিফাইজ করার সুযোগ নেই। 

যেকোনো মূল্যে চরপাড়া যানজট নিরসন করা হবে। তবে নগরীর মাদক পরিস্থিতি ভয়াবহ রকম খারাপ। আমাদের প্রজন্মের ভবিষ্যৎ কী হবে, তা প্রায় অনিশ্চিত অবস্থা। তাই মাদক নির্মূলে প্রশাসন এবং মিডিয়ার একান্ত সহযোগিতা কামনা করছি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রশাসক বলেন, নগরীর স্বাভাবিক জীবন-যাপন নিশ্চিত করতে হলে কান বন্ধ করে ইনসাফ এবং ন্যায়ের পক্ষে মাঠে থেকে কাজ করতে হবে। এসি রুমে বসে নগরীর সমস্যা সামাধান হবে না। এক্ষেত্রে দুই-চার, পাঁচজনের সমালোচনায় আমার পথচলা থামবে না। এটি আমার শহর, এই শহরে আমার বেড়ে উঠা, এই শহরের ঐতিহ্য রক্ষায় যেকোনো পদক্ষেপ গ্রহণ করতে পিছপা হবো না।

সভায় আরও উপস্থিত ছিলেন, মসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোছা. শিরিন সুলতানা, পরিবহন শাখার মহাব্যবস্থাপক রাজিব উল আহসান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।

এর আগে মসিক প্রশাসক বিগত ৬০ দিনে নগরীর খাল খনন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, আইনৃঙ্খলার উন্নয়ন, যানজট নিরসন ও সড়ক উদ্বোধনসহ শতাধিক উন্নয়ন প্রকল্পের সচিত্র প্রতিবাদ উপস্থাপন করেন।