বাসস
  ২০ মে ২০২৬, ১৬:৩৬

মিরপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা, ২০ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর মিরপুর এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ মো. সোলাইমান আলী সোহাগ (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ। 

মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর মডেল থানাধীন ৬ নম্বর সেকশন বাউন্ডারী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম মিরপুর মডেল থানাধীন ৬ নম্বর সেকশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।