বাসস
  ২০ মে ২০২৬, ০০:৩১

বাড্ডায় মাদ্রাসা ছাত্র অপহরণ ও মুক্তিপণ আদায় : সাবেক শিক্ষক গ্রেফতার, শিশু উদ্ধার

ঢাকা, ১৯ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর বাড্ডায় মাদ্রাসার এক ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযান চালিয়ে অভিযুক্ত আবু রায়হানকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত শিশুকে উদ্ধার এবং আদায়কৃত মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়েছে।

জামালপুরের মাদারগঞ্জ থানার জাঙ্গালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আজ মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার বিকাল ৫টার দিকে বাড্ডা থানার উত্তর বাড্ডা সাতারকুল রোডস্থ আব্দুল্লাহবাগ মাদ্রাসাতুল ইসলাহ আল আরাবিয়ায় পড়তে যাওয়ার সময় মাদ্রাসার সাবেক শিক্ষক আবু রায়হান ১০ বছর বয়সি ছাত্র নাসিরুজ্জামান নিরবকে অপহরণ করেন। পরে অপহরণকারী মুক্তিপণ বাবদ ১ লাখ ৫ হাজার টাকা আদায় করে।

ঘটনার পর বাড্ডা থানার একটি অভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন করে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ, সোর্সের দেওয়া তথ্য এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে মোবাইল ট্র্যাকিং করে অপহরণে জড়িত আবু রায়হানের অবস্থান শনাক্ত করা হয়।

পরে, অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে অপহৃত শিশু নাসিরুজ্জামান নিরবকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং মুক্তিপণ হিসেবে আদায়কৃত ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শিশু অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের মতো ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জননিরাপত্তা নিশ্চিতে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।