শিরোনাম

ঢাকা, ১৯ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মো. রিপন মিয়া ওরফে শরিফ উদ্দিন (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের আবদুল্লাহপুর ফ্লাইওভারের নিচে সড়কের ওপর থেকে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, আবদুল্লাহপুর ফ্লাইওভারের নিচে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে-গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রিপন মিয়া ওরফে শরিফ উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে পেশাদার মাদক কারবারি হিসেবে স্বীকার করে এবং দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে জানায়।
এ ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।