শিরোনাম

ঢাকা, ১৯ মে ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, গণমাধ্যমকে বাণিজ্যিক চিন্তার ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে হবে। দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং উন্নয়নকে বিশ্ব দরবারে তুলে ধরার ব্রত নিয়ে গণমাধ্যমকে কাজ করার আহ্বান জানান তিনি।
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’র এক দশকে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আজ মঙ্গলবার তিনি এ কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, যাত্রা শুরুর পর থেকে বাংলা টিভি বিগত দিনে সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠান পরিবেশন করে আসছে। আগামী দিনে সঠিক সংবাদ ও সুস্থ বিনোদনের ধারা বজায় রাখতে হবে। আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় নিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে বদলে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিচ্ছেন।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও দেশের উন্নয়ন চিত্র তুলে ধরার মাধ্যমে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করার জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
রাজধানীতে বাংলা টিভি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ সামাদুল হক এবং ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম। তারা চ্যানেলের ১০ বছরের পথচলার চ্যালেঞ্জ ও সাফল্যের চিত্র তুলে ধরেন এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন চিত্রনায়ক হেলাল খান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, শিশুকিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর শিকদার এবং যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিল আহম্মেদ।
বক্তারা বাংলা টিভির এক দশক পূর্তিতে শুভেচ্ছা জানানোর পাশপাশি, চ্যানেলটি আগামী দিনে তার সাহসী ও আপসহীন সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী এবং বাংলা টিভির কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে উৎসবের সূচনা করা হয়।