শিরোনাম

পঞ্চগড়, ১৯ মে, ২০২৬ (বাসস): পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ভূমি দখলকারীদের বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। কারণ, ভূমি দখল করে একজন ব্যক্তি লাভবান হলেও জনগণ ক্ষতিগ্রস্থ হয়।
আজ পঞ্চগড় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, আমরা যেকোনো দখল পুনরুদ্ধার করতে চাই। কারণ দখলকৃত জমি জনগণের সম্পদ। দলিল যার, কাগজ যার, জমি তার। বর্তমান সরকার ভূমির বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। এখানে (মেলায়) ছাত্র-ছাত্রীদের যুক্ত করা হয়েছে। তারাও এখান থেকে শিক্ষাগ্রহণ করবে। আগামী দিনে তারাই নেতৃত্ব দেবে।
পরে প্রতিমন্ত্রী মেলায় অংশ নেওয়া ৯টি স্টল পরিদর্শন করেন।
এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পঞ্চগড় জজ কোর্টের পিপি অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন আয়োজিত ভূমিসেবা র্যালিতে অংশগ্রহণ করেন। পরে তিনি ফিতা কেটে বেলুন ও পায়রা উড়িয়ে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন।
’জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যে এবারের তিন দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবা এবং নিকটস্থ ভূমি অফিসে ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান করা হচ্ছে।
এছাড়া ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।