বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৮:৩৪

পুলিশের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা: আইজিপি 

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আজ বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার প্যারেড গ্রাউন্ডে ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন । ছবি : বাসস

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস): পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করা। 

নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের নির্দেশ দিয়ে আইজিপি বলেন, দীর্ঘ ও কঠোর প্রশিক্ষণকাল তোমাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং নৈতিক মূল্যবোধকে সমৃদ্ধ করেছে। 

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার প্যারেড গ্রাউন্ডে ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক আজ এ কথা বলেন। 

এ সময় তিনি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করেন। 

সমাপনী এই কুচকাওয়াজে ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের ২০৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।  

পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) জি এম আজিজুর রহমান এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন। 

সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ উক্ত প্যারেডের প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীরা হলেন, ক্যাডেট সাব-ইন্সপেক্টর ইজাজ আহম্মেদ হিমেল, ক্যাডেট সাব-ইন্সপেক্টর ওলিউল্লাহ, ক্যাডেট সাব-ইন্সপেক্টর শুভ বিশ্বাস ও ক্যাডেট সাব-ইন্সপেক্টর মো. রায়হান।

আইজিপি নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের সামনে যে পথ উন্মুক্ত হচ্ছে তা সম্মানের ও দায়িত্বপূর্ণ। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই পুলিশের সবচেয়ে বড় শক্তি। সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যেকোনো পরিস্থিতিতে আইনের শাসন সমুন্নত রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া পুলিশের নৈতিক কর্তব্য।

তিনি বলেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অপরাধের ধরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ অফিসারদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি আরও বলেন, তোমরা আজ শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছো না, বরং একটি মহান সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছো, যে পেশার মূলমন্ত্র হলো ‘সেবাই ধর্ম’।

মানুষের পাশে দাঁড়ানো, তাদের বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠা করার মূল্যবোধ ধারণ করেই তোমাদের এগিয়ে যেতে হবে। আশা করি, তোমরা তোমাদের দায়িত্ব পালনে সর্বদা পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এবং বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুন্ন রাখবে।

পরে আইজিপি সার্বিক আয়োজনের জন্য পুলিশ একাডেমির সম্মানিত প্রিন্সিপাল, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বর্ণাঢ্য এ প্যারেড অনুষ্ঠানে বিভিন্ন পদবীর সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।