বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১৩:২৪
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৩:৩৯

মুন্সীগঞ্জে ৫৩১ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা শুরু

শেখরনগরে শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা শুরু হয়েছে। ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ২৪ মার্চ ২০২৬ (বাসস): জেলার শেখরনগরে ৫৩১ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা শুরু হয়েছে। ভারত, নেপাল ও শ্রীলঙ্কাসহ দেশ বিদেশের লক্ষাধিক কালী ভক্তদের সমাবেশ ঘটেছে এখানে। আগামীকাল বুধবার (২৫) মার্চ কালী ভক্তদের মানতকৃত সহাস্রাধিক পাঠাঁ বলি দেওয়া হবে।

আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক ভাবে জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগরে ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা শুরু হয়েছে। সনাতন ধম্বালম্বীদের এ এক বিশেষ পূজা। সাধারণত অমাবস্যা তিথিতে কালী পূজা করা হয়। মা কালীকে সংকট থেকে রক্ষা করার জন্য দেবী হিসেবে আরাধনা করা হয়।

মূলত দুঃসময় ও অশুভ শক্তির বিনাস, বিপদ থেকে রক্ষার জন্য স্থানীয় ঋষি সম্প্রদায়ের লোকজন বাংলা ৯০১ ও ইংরেজি ১৪৯৫ সন হতে শেখর নগরে শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা করে আসছেন। আজ মঙ্গলবার সকালে মায়ের থাল ও ঘট নিয়ে গ্রাম প্রদক্ষিণের মধ্যে দিয়ে পূজার মূল পর্ব শুরু করা হয়। সারাদিন বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনের পর রাত ১২ টা ১ মিনিটে শ্রী শ্রী মা রক্ষা কালী পুজা শুরু হবে। 

আগামীকাল বুধবার পূজার দ্বিতীয় দিন ভোর থেকে ভক্তদের মানতকৃত সহাস্রাধিক পাঁঠা বলি দেওয়া হবে। সন্ধ্যায় আরতিনৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।

পূজা উপলক্ষে শেখর নগরে কালী মন্দির প্রাঙ্গণে ৭ দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় বাঁশ, বেতের তৈরি আসবাবপত্র, বটি, কাঁিচ, গৃহস্থালির রকমারি জিনিসপত্র এবং খাবারের শতাধিক ষ্টল আর শিশুদের জন্য নাগর দোলা স্থাপন করা হয়েছে।

শেখর নগর কালী মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি রতন চন্দ্র দাস বাসসকে জানান, স্থানীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। তারা আইনশৃঙ্খলাসহ সর্বাত্নক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রতি বছর কালী পূজা উপলক্ষে এখানে হিন্দু, মুসলমান মিলে লক্ষাধিক লোকের সমাগম ঘটে। বর্তমানে এটি একটি ধর্মীয় সম্প্রীতি উৎসব ও মেলায় রুপ নিয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।