বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৪

জুলুম-নির্যাতনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: কায়কোবাদ

ছবি : বাসস

কুমিল্লা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, চাঁদাবাজি, অবিচার ও জুলুম-নির্যাতনের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

নির্বাচনী প্রচারণার শেষ দিনে আজ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কায়কোবাদ হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি কঠোর অবস্থানে থাকবেন এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেউ অন্যায় কর্মকাণ্ডে লিপ্ত হলে তাকে পুলিশে সোপর্দ করা হবে। এলাকার সমস্যা ও সাধারণ মানুষের কথা সরাসরি শুনেই তিনি সিদ্ধান্ত নেবেন। তার কাছে যেতে কোনো নেতার প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন কায়কোবাদ।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, অন্যায়কারীর কোনো স্থান রাজনীতিতে নেই। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি কঠোর অবস্থানে থাকবেন এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সিএনজি ও অটোরিকশাসহ সব ধরনের পরিবহন থেকে কেউ জিপির নামে চাঁদাবাজি করতে পারবে না। চালক ও ব্যবসায়ীরা যেন নিরাপদে তাদের ব্যবসা করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হবে।

আজ মুরাদনগরের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়। বিকেলে মুরাদনগর সদরে আয়োজিত গণমিছিল ও পথসভায়ও বক্তব্য দেন তিনি। এছাড়া উপজেলার কোম্পানিগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে এবং সিএনজি ও অটোরিকশা চালকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন কায়কোবাদ।

এ সময় আরও বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী আবু কাউছার, কাজী জুননুন বসরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া ও আব্দুল আজিজ মোল্লা প্রমুখ।