বাসস
  ০৩ আগস্ট ২০২৬, ১৯:৫২
আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ২০:০৭

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ দেশে ফুটবল জাগরণ সৃষ্টি করবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ছবি: বাসস

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ (বাসস): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দেশের প্রতিটি উপজেলা ও গ্রামে নতুন করে ফুটবলের জোয়ার সৃষ্টি করবে।

এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হবে এবং সারা দেশে একটি ইতিবাচক সামাজিক পরিবর্তন ঘটবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় তিনি আজ সোমবার এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তিনি ইতোমধ্যে মাঠপর্যায়ে বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রাথমিকভাবে এমন একটি পরিকল্পনা গ্রহণ করেছেন, যা সারা দেশে তরঙ্গের মতো ছড়িয়ে পড়বে।

তিনি বলেন, প্রতিটি উপজেলায় অন্তত চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলার আয়োজন করতে হবে। একটি মাঠে আয়োজন করলে নির্ধারিত সময়ে প্রতিযোগিতা শেষ করা সম্ভব হবে না।

তিনি জানান, প্রতিটি মাঠের জন্য প্রথম শ্রেণির একজন কর্মকর্তার নেতৃত্বে পৃথক ভেন্যু কমিটি গঠন করা হবে। ওই কমিটিই সংশ্লিষ্ট মাঠের সার্বিক ব্যবস্থাপনা ও খেলা পরিচালনার দায়িত্ব পালন করবে।

মীর শাহে আলম জানান, তার নিজ উপজেলায় তিনি ইতোমধ্যে কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যা অন্য উপজেলাগুলোর জন্যও অনুসরণীয় হতে পারে। উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুটবল ও জার্সির ব্যবস্থা করা হবে। পাশাপাশি, নকআউট পর্বে অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানকে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য তিন হাজার টাকা করে সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রথম ধাপের খেলায় আবাসনের ব্যবস্থা রাখা হবে না। তবে সুপার এইট পর্বে ওঠা দলগুলোর জন্য আবাসনের ব্যবস্থা করা হবে। এর আগে খেলোয়াড়রা নিজ নিজ ব্যবস্থাপনায় মাঠে এসে খেলবে। মূল লক্ষ্য হলো, যত বেশি সম্ভব শিক্ষার্থীকে খেলায় সম্পৃক্ত করা।

প্রতিমন্ত্রী বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে খেলা অনুষ্ঠিত হবে, সেসব প্রতিষ্ঠানের জন্যও নির্দিষ্ট অর্থ বরাদ্দ রাখা প্রয়োজন, যাতে তারা নাস্তা, মাঠ ব্যবস্থাপনা ও কর্মকর্তাদের প্রয়োজনীয় আপ্যায়নসহ সার্বিক আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে।

তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি উপজেলায় খেলার মাঠ সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া উচিত। মাঠগুলো সমতল ও খেলার উপযোগী করে গড়ে তোলা গেলে শিশু-কিশোররা আরও উৎসাহের সঙ্গে খেলাধুলায় অংশ নিতে পারবে।

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।