শিরোনাম

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘ভোট আপনার নাগরিক অধিকার। আপনাদের মূল্যবান ভোটটি এমন কোনো মার্কায় দেবেন না, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল এবং যারা নারীদের অসম্মান করে কথা বলেছে।’
তিনি বলেন, ‘আপনাদের ভোট নষ্ট করবেন না; বরং ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে সেবা করার সুযোগ দিন।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ সময়ে আজ সোমবার বিকেলে মিরপুরে আয়োজিত এক বিশাল গণমিছিলে তিনি এসব কথা বলেন।
মিরপুর ১২ নম্বর সি ব্লক থেকে শুরু হওয়া এই গণমিছিলে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। মিছিলটি মিরপুর ১২ থেকে ১১ ও ১০ নম্বর হয়ে আসনের প্রতিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দুই পাশের ভবনের ছাদ ও বারান্দা থেকে সাধারণ মানুষ আমিনুল হককে হাত নেড়ে শুভেচ্ছা জানান। আমিনুল হকও ভোটারদের প্রতি হাত নেড়ে সাড়া দেন।
প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়ার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘আমি পল্লবী ও রূপনগরের প্রতিটি পাড়া-মহল্লার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করেছি। ১২ ফেব্রুয়ারি সাধারণ মানুষের ভোটে জয়ী হলে আমি প্রতিটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।’
আগামীকাল ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে আমিনুল হকের এই বিশাল শোডাউন ঢাকা-১৬ আসনে ধানের শীষের পক্ষে এক বড় ধরনের গণজোয়ার সৃষ্টি করেছে বলে মনে করছেন সাধারণ মানুষ।