শিরোনাম

টাঙ্গাইল, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এরই অংশ হিসেবে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আজ বিকালে জেলা শহরে বিশাল গণমিছিল করেছেন।
শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উদ্যানে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সুলতান সালাউদ্দিন টুকু।
জেলা বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও তাঁতি দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় অর্ধলক্ষ নেতাকর্মী ও সমর্থক এতে অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো। পুরো আয়োজনকে ঘিরে শহর উৎসবমুখর হয়ে ওঠে।
এর আগে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, আজকের উপস্থিতি প্রমাণ করে টাঙ্গাইলে ধানের শীষের বিকল্প নেই। টাঙ্গাইলের উন্নয়নের জন্য আমি যে সাত দফা দাবি উত্থাপন করেছি, জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেন, ঢাকার পাশের গাজীপুর ইতোমধ্যে সিটি কর্পোরেশনে উন্নীত হয়েছে। টাঙ্গাইলকেও আধুনিক ও পরিকল্পিত শহরে পরিণত করতে হলে সিটি কর্পোরেশনে উন্নীত করা প্রয়োজন। আমি নির্বাচিত হলে শহরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
যমুনা তীরবর্তী এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এতে অতিরিক্ত ২০ থেকে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। টাঙ্গাইলে এমনভাবে পর্যটন শিল্প গড়ে তোলা হবে, যাতে মানুষ আর চট্টগ্রাম বা কক্সবাজার যেতে না হয়, পর্যটকরাই টাঙ্গাইলে আসেন।
এর আগে নির্বাচনী গণমিছিলকে কেন্দ্র করে শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ড ও ১২টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন। এতে পৌর উদ্যান কানায় কানায় জনস্রোতে পরিণত হয়।