বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৪

অর্থ আত্মসাতের অভিযোগে উত্তরা ফাইন্যান্সের সাবেক এমডিসহ ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদক প্রধান কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

মামলার আসামিরা হলেন উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহা (৪৭) এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম শামসুল আরেফিন (৬৪)।

দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রায় ৪ কোটি ৮৩ লাখ ১২ হাজার ১২৫ টাকা আত্মসাৎ করেন।

মামলায় দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদকের অনুসন্ধানে উঠে আসে, আসামিরা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটির হিসাব থেকে বিপুল অঙ্কের অর্থ নগদ উত্তোলন ও স্থানান্তর করেন। বাংলাদেশ ব্যাংকের এফআইডি সার্কুলার লঙ্ঘন করে তফসিলি ব্যাংকের পরিবর্তে নগদ লেনদেনের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়। অধিকাংশ ভাউচারের অর্থ ক্যাশ আকারে উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে।

অনুসন্ধানকালে সংগৃহীত রেকর্ডপত্র, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং হিসাব পর্যালোচনায় দেখা যায়, সাবেক এমডি এস এম শামসুল আরেফিন ও সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহা পরস্পর যোগসাজশে নিজ নামে চেক ইস্যু ও বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে অর্থ আত্মসাৎ করেন। কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই তারা সিগনেটরি হিসেবে চেক স্বাক্ষর করে অর্থ উত্তোলন করেন বলেও প্রাথমিকভাবে প্রমাণিত হয়।

দুদক জানিয়েছে, তদন্তকালে এ অপরাধের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।