বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৭

জাপানের পার্লামেন্ট নির্বাচনে এলডিপির ভূমিধস জয় : প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস নির্বাচনে ঐতিহাসিক ও ভূমিধস বিজয় অর্জন করায় দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কাছে পাঠানো এক বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে ৮ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হাউস অব রিপ্রেজেন্টেটিভস নির্বাচনে আপনার নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর ঐতিহাসিক ও ভূমিধস বিজয়ের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ সন্ধ্যায় বার্তাটি প্রকাশ করে।

বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, এই সুস্পষ্ট রায় জাপানের জনগণের পক্ষ থেকে আপনার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির প্রতি দৃঢ় আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

তিনি আরো বলেন, আপনার অব্যাহত নেতৃত্বে জাপান আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং গঠনমূলক সম্পৃক্ততা আরো এগিয়ে নেবে— এ বিষয়ে আমি আশাবাদী।

বাংলাদেশ জাপানের সঙ্গে দীর্ঘদিনের ও বিশ্বাসযোগ্য অংশীদারত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেয়— এ কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, মানসম্মত অবকাঠামো ও সংযোগ খাতে সহযোগিতাসহ বাংলাদেশের উন্নয়নে জাপানের ধারাবাহিক সহায়তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ, যা আমাদের জনগণ ও অর্থনীতিতে স্থায়ী অবদান রেখেছে।

তিনি আরো বলেন, পারস্পরিক স্বার্থে আমাদের অংশীদারত্ব আরো জোরদার করতে, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা গভীর করতে এবং অভিন্ন অগ্রাধিকার বাস্তবায়নে আপনার সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বাংলাদেশ সরকার।

বার্তার শেষাংশে অধ্যাপক ইউনূস বলেন, মহামান্য, আপনার সুস্বাস্থ্য ও সাফল্য এবং জাপানের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও কল্যাণের জন্য আমার শুভ কামনা গ্রহণ করুন।