শিরোনাম

চাঁদপুর, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রকৃত আদর্শের বিশ্বাসীরা কখনো কোনো লোভ লালসার কাছে মাথা নত করতে পারে না।
আজ দুপুরে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন হারুনুর রশিদের সমর্থনে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাবিব-উন-নবী খান সোহেল বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যার নেতাকর্মীরা গত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার, নির্যাতন, কারাভোগ, গুম-খুনের পরেও বীরত্ব ও সাহসিকতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং থাকবে। কোনো অপশক্তি শহীদ জিয়ার গড়া রাজনৈতিক দল বিএনপিকে বাংলার মাটি থেকে এক চুল সরাতে পারবে না।
তিনি বলেন, তারুণ্যের অহংকার তারেক জিয়ার আগামী বাংলাদেশ হবে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার এক অবিস্মরণীয় বাংলাদেশ। সুতরাং আপনারা সকলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হোন, আপনারা মনে রাখবেন দলের বাইরে গিয়ে এমপি-মন্ত্রী, এমনকি প্রেসিডেন্টও পরাজিত হয়েছে এমন ইতিহাসও রয়েছে। মানুষ টাকার কাছে বিক্রি হয় না। আদর্শের কাছে, নীতির কাছে বিক্রি হয়।
সোহেল আরো বলেন, এ দেশের সৌর শক্তি তারেক রহমান। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ফরিদগঞ্জের উন্নয়নের আলো ছড়াবে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন হারুনুর রশিদ। ধানের শীষে ভোট দিন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শরীক হোন।
তিনি আরও বলেন, আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমনি তারেক রহমান তেমনি এই সংসদীয় আসনে এমপি লায়ন হারুনুর রশিদ।
জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ।
যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারী ও যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি রাশেদা বেগম হীরা, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ ফরিদ হোসাইন, দলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এম জেড আই জহির, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ শাহ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রাকিব, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি লায়ন আল আমিন, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী প্রমুখ।