বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৪

বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিতাড়িত করা হবে: ডা. জাহিদ 

ছবি : বাসস

দিনাজপুর, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): দিনাজপুর-৬ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ দেওয়া হবে না। ক্ষমতায় গেলে এসব অপকর্মের সঙ্গে জড়িতদের কঠোরভাবে দমন করা হবে।

আজ সোমবার বিকেলে বিরামপুর উপজেলার মাহমুদপুর শান্তির মোড় এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জনগণের কল্যাণে উন্নয়নমূলক কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষ দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবে এবং দেশ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, ‘আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে তারেক রহমানের নেতৃত্বে আপনাদের সেবা করার সুযোগ পাবো। আপনাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে এলাকার সব সমস্যা চিহ্নিত করে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করবো।’

তিনি বলেন, এ দেশ আমাদের সবার। জনগণকে সঙ্গে নিয়ে এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, নদীশাসন, অবকাঠামো উন্নয়নসহ সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

দলের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দলের চেয়ারম্যানের ঘোষণানুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। কৃষকদের স্বাবলম্বী করতে কৃষক কার্ড দেওয়া হবে। বিনামূল্যে মায়েদের জন্য জরুরি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে এবং পরিবারে মায়েদের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি সব সময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। সে কারণে দল ক্ষমতায় গেলে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে ও পরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ভবানীপুর, মুন্সিপাড়া, মণ্ডলপাড়া, মীরপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় বিএনপির নেতাকর্মী, সমর্থকসহ বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।