শিরোনাম

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগত বিদেশি গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করতে তথ্য অধিদফতর (পিআইডি) একটি মিডিয়া গাইড প্রকাশ করেছে।
আজ এক তথ্য বিবরণীতে বলা হয়, ১১২ পৃষ্ঠার এই প্রকাশনাটি বিদেশি গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে।
তথ্য বিবরণীতে আরো বলা হয়েছে, সহজে বহনযোগ্য এ বইটিতে বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট কাজে যুক্ত সরকারি দপ্তরসমূহ, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সকল রিটার্নিং অফিসার, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত বিভিন্ন এজেন্সির ফোন নম্বর, ই-মেইল ঠিকানাসহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের তথ্য রয়েছে।
একইসঙ্গে ঢাকার সংবাদপত্র, সংবাদ সংস্থা ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সঙ্গে যোগাযোগের ফোন নম্বর, পিআইডি’র মিডিয়া সেন্টারের তথ্য এবং বিদেশ থেকে আগত গণমাধ্যমকর্মীদের জন্য প্রয়োজন বিবেচনায় মানি এক্সচেঞ্জ, হোটেল-রেস্টুরেন্ট, ট্রান্সপোর্ট সার্ভিস প্রোভাইডার ও জরুরি প্রয়োজনে দরকারি ফোন নম্বরগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।
গাইডটিতে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট, অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ, নির্বাচনি আচরণবিধি এবং নির্বাচন কভারেজে আগত বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচন কমিশনের আচরণবিধি যুক্ত রয়েছে।