বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৬

বগুড়ায় তারেক রহমানের পক্ষে সাইকেল র‌্যালি

জেলায় তারেক রহমানের পক্ষে সাইকেল র‌্যালি । ছবি: বাসস

বগুড়া, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে বগুড়ায় ২০০ সাইকেল নিয়ে র‌্যালি করে শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ। 

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্যদের আয়োজনে আজ সোমবার সকালে বগুড়া শহরের প্রধান প্রধান সড়কে সাইকেল নিয়ে এ নির্বাচনী প্রচারণা চালানো হয়।

আয়োজকরা জানান, বিশ্বব্যাপী সাইকেল র‌্যালি সাধারণত সামাজিক সচেতনতা ও পরিবেশ রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করতে উদ্যোগ নেয়া হয়। বগুড়া সদর আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশ নির্মাণে পরিবেশের উন্নয়নকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তার এই বার্তাকে সামনে রেখে সাইকেল র‌্যালির আয়োজন করা।

গত দুদিন আগে এ কর্মসূচি উপলক্ষে নিবন্ধন শুরু হয়। এতে ২৫০ জন মানুষ নিবন্ধন করেন। এর মধ্যে শিক্ষার্থীরা বেশি বলে জানান আয়োজকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সহ সভাপতি ও ফলিত রসায়নের সাবেক শিক্ষার্থী মোসাদ্দেক রহমান সৌরভ জানান, তারেক রহমান বগুড়ার মানুষ। দীর্ঘদিন পর বগুড়ায় এসে এই আলতাফুন্নেছা মাঠে আবেগ আপ্লুত হয়ে পড়েন। ওনার পরিবেশ সংরক্ষণ নিয়ে যে পরিকল্পনা রয়েছে বিএনপি আগামীতে সরকার গঠন করলে কি উন্নয়ন করবে তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে এ সাইকেল র‌্যালির আয়োজন।

ডা. একে এম আহসান হাবীব নাফি বলেন, বগুড়াকে স্মার্ট সিটি হিসেবে দেখতে চাই আমরা তরুণ-যুবকরা। এ জন্য আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথে আমাদের এ উদ্যোগ। এই ছোট ইনিশিয়েটিভ একদিন আমাদের অনেক দূর নিয়ে যাবে বলে বিশ্বাস করি।

সাইকেল র‌্যালিটি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বের হয়ে সার্কিট হাউস, সাতমাথা ও আজিজুল হক কলেজ হয়ে আবার আলতাফুন্নেছা মাঠে এসে শেষ হয়।