বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪০
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৫

কোনো বাধা-বিপত্তি নির্বাচনী গণজোয়ার ঠেকাতে পারবে না : তাসলিমা আখতার

জিএসএ মনোনীত প্রার্থী তাসলিমা আখতার। ছবি : ফেসবুক

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলন (জিএসএ) মনোনীত প্রার্থী তাসলিমা আখতার বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই নানা মহল থেকে ভয়-ভীতি প্রদর্শন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা সামনে আসছে। তবে পেশীশক্তির প্রদর্শন কিংবা অর্থের প্রভাব দেখিয়ে ভোটারদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত রাখা যাবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

আজ রোববার বিকেলে রাজধানীর ইস্কাটন, বাংলামোটর ও এজি চার্চ-সংলগ্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। 

তাসলিমা আখতার বলেন, ঢাকা-১২ আসনের দায়িত্বশীল ভোটাররা ‘মাথাল’ মার্কায় ভোট দিয়ে সংসদে তাদের যোগ্য প্রতিনিধি পাঠাবেন। ভোটাররা যেন কোনো বাধা ছাড়া নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে দায়িত্ব সংশ্লিষ্ট সকলকে নিতে হবে। 

তিনি বলেন, কোনো ধরনের ভয়ভীতি বা অনৈতিক প্রভাব বিস্তার নির্বাচনের গণজোয়ারকে ঠেকাতে পারবে না। জনগণের শক্তিই এই নির্বাচনে শেষ পর্যন্ত বিজয় নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গণসংযোগ ও প্রচারণায় তাসলিমা আখতারের সঙ্গে ঢাকা-১২ নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগরের সংগঠকবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।