শিরোনাম

ভোলা, ৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): বিএনপির জোট প্রার্থীকে নির্বাচিত করলে ভোলা হবে দক্ষিণাঞ্চলের তিলোত্তমা নগরী বলে মন্তব্য করেছেন গরুর গাড়ি প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
আগামী ১২ ফেব্রুয়ারিতে আপনাদের রায় পেলে ভোলায় দৃশ্যমান ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। এ উপকূলীয় জনপদের দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ নজর রয়েছে বলে জানান তিনি।
ইউনিয়ন বিএনপি ও বিজেপির আয়োজনে আজ রোববার সন্ধ্যায় ভোলা সদরের পূর্ব ইলিশা নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হায়দার আলী লেলিন, ভোলা জেলা বিএনপির সদস্য সচীব রাইসূল আলম, বিজেপি জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন'সহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন বিএনপি-বিজেপি নেতৃবৃন্দ।
পার্থ বলেন, ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি—ভোলা-বরিশাল সেতু নির্মাণ, একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার। তাই এ তিনটি বিষয়ই আমার নির্বাচনী অগ্রাধিকার। এসব দাবি বাস্তবায়নের মাধ্যমেই ভোলার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জু ও মরহুম মোশারেফ হোসেন শাজাহানের সময়ে ভোলায় যে উন্নয়ন হয়েছে, তা আজও মানুষের চোখে পড়ে। আগামী ১২ তারিখের নির্বাচনে বিএনপি জোট প্রার্থীকে গরুর গাড়ি প্রতীকে ভোট দিলে ভোলাবাসী তার উন্নয়ন কর্মকাণ্ডও সরাসরি দেখতে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পার্থ বলেন, নির্বাচিত হলে ভোলায় চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের কোনো স্থান থাকবে না। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ভোলা গড়ে তোলাই তার লক্ষ্য।
বক্তব্যের শেষাংশে তিনি ভোলার সার্বিক উন্নয়নের স্বার্থে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে গরুর গাড়ি প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।