শিরোনাম

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ঢাকার মানুষ অতীতেও অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রায় দিয়েছে। এবারও তারা গণতন্ত্র, স্বাধীনতা ও উন্নয়নের পক্ষে রায় দেবে।
তিনি বলেন, ঢাকার মানুষের ভোট কখনো কেনা যায় না। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সেটির প্রমাণ আবারও মিলবে।
ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমানের নির্বাচনী জনসভায় তিনি আজ শুক্রবার এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, বিএনপি সবসময় নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করেছে। তিনি বলেন, একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে চক্রান্ত করছে, কিন্তু ঢাকার মানুষ সেই চক্রান্তে পা দেবে না।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ১২ তারিখ শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ নয়, সারাদিন ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কোনো ধরনের কারচুপির সুযোগ দেওয়া যাবে না।
বিএনপির এই নেতা আরও বলেন, পুরান ঢাকার সন্তান হামিদ নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তিনি তারেক রহমানের নেতৃত্বে কার্যকর ভূমিকা রাখবেন।