বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৭

নরসিংদী-২ আসনে এনসিপির সারোয়ার তুষারকে জামায়াত প্রার্থীর সমর্থন

নরসিংদী-২ আসনে শুক্রবার এনসিপি ও ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী সারোয়ার তুষারের শাপলা কলি মার্কার পক্ষে নির্বাচনী মিছিলে অংশ নেন জামায়াতের মাওলানা আমজাদ হোসেন। ছবি: বাসস

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): নরসিংদী-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী সারোয়ার তুষারকে সমর্থন জানিয়েছেন জামায়াতে ইসলামের মাওলানা আমজাদ হোসেন। 

আজ শুক্রবার সারোয়ার তুষারের শাপলা কলি মার্কার পক্ষে নির্বাচনী মিছিলে অংশ নেন জামায়াতের এই নেতা।

এ দিন সকালে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি পলাশ বাসস্ট্যান্ড থেকে খানেপুর বাজার হয়ে বিআইডিসি মোড় প্রদক্ষিণ করে পলাশ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। আমজাদ হোসেন ও সারোয়ার তুষার ছাড়াও ১১ দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।

১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী আসন সমঝোতার ভিত্তিতে নরসিংদী-২ আসনটি এনসিপিকে ছেড়ে দেয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে জামায়াতের প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি। এ কারণে স্থানীয় ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে আজ সারোয়ার তুষারকে আমজাদ হোসেনের প্রকাশ্য সমর্থনের মধ্য দিয়ে সেই বিভ্রান্তি দূর হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী ও সাধারণ জনগণ।

এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনের ব্যালট পেপারে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থীর জন্য দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ না রাখার জন্য আবেদন জানায় দলটি। গত ২৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বরাবর পাঠানো চিঠিতে এ আবেদন জানানো হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নরসিংদী-২ আসনে নিজস্ব প্রার্থী মনোনয়ন দিয়েছিল। ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার ভিত্তিতে আসনটি এনসিপি প্রার্থী সারোয়ার তুষারকে ছেড়ে দেয়া হয়েছে।