বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৪

নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক ঢাকা-৮ গড়ার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী শুক্রবার সেগুনবাগিচার দুদক গেইটে উন্মুক্ত মঞ্চে আয়োজিত ইশতেহার পাঠে ‘তোমার-আমার সুরক্ষার, আট দফা ইশতেহার’ ঘোষণা করেন। ছবি: বাসস

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ‘পাটওয়ারীর অঙ্গীকার, ঢাকা-৮ হবে জনতার’ এই প্রতিপাদ্যে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মনোনীত ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তিনি মানুষ ও সকল প্রাণীর জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক ঢাকা-৮ গড়ে তোলার অঙ্গীকার করেন ।

তিনি আজ শুক্রবার সেগুনবাগিচার দুর্নীতি দমন কমিশন (দুদক) গেইটে এক উন্মুক্ত মঞ্চে আয়োজিত ইশতেহার পাঠে ‘তোমার-আমার সুরক্ষার, আট দফা ইশতেহার’ ঘোষণা করেন।

এ সময় তিনি ঘোষণা দেন, ঢাকা-৮ এর সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য সংসদে জোরালো দাবি উত্থাপন করব এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ অব্যাহত রাখব। সংসদ সদস্য নির্বাচিত হলে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এটিই হবে আমার প্রধান অগ্রাধিকার। 

চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ ঢাকা-৮ প্রতিষ্ঠার অঙ্গীকার করে তিনি বলেন, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। নাগরিকরা chandabaaj.com-এর মাধ্যমে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে অভিযোগ জানাতে পারবেন এবং প্রতিটি অভিযোগ দ্রুততার সাথে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, অপরাধপ্রবণ এলাকা ও জনসমাগমস্থলে সিসিটিভি নজরদারি জোরদার করা ও অন্ধকারাচ্ছন্ন রাস্তাগুলোতে পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন করা হবে। গণপরিবহন ও পাবলিক স্পেসে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, যৌন হয়রানি, ইভটিজিং ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন এবং ২৪/৭ হেল্পলাইন চালু করা হবে।

তিনি বলেন, ঢাকা-৮ এলাকায় অবৈধ দখলদারিত্ব নির্মূল, মানুষের বাড়িঘর, দোকান, ব্যবসা-বাণিজ্য ও সরকারি জায়গার নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহন, অবৈধভাবে দখলকৃত সম্পত্তি পুনরুদ্ধার প্রাধান্য পাবে। প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

এছাড়া সর্বজনীন স্বাস্থ্যসেবা বিশেষ করে এই এলাকার সকল সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সিন্ডিকেট ও দালালমুক্ত করে সকল নাগরিকের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, দক্ষ চিকিৎসক ও নার্স নিয়োগ, প্রশিক্ষণ বৃদ্ধি এবং নতুন অবকাঠামো নির্মাণে কার্যকর উদ্যোগ নেয়া হবে।

বৈষম্যহীন, মানসম্মত ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও স্টার্টআপ ফান্ডের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান থেকে অনুপ্রেরণা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে র‌্যাগিং, গেস্টরুম সংস্কৃতি ও রাজনৈতিক সহিংসতা বিলোপ করা হবে। আধুনিক শিক্ষা নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ চালু করব। শিশু ও তরুণদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে বেদখল হওয়া মাঠ উদ্ধার ও বিদ্যমান পার্কের রক্ষণাবেক্ষণের মাধ্যমে নিরাপদ খেলাধুলার পরিবেশ গড়ে তোলা হবে।

ঢাকা-৮ আসনের জনগণের বেকারত্ব দূরীকরণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রসার ও উদ্যোক্তাদের সাফল্য নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা গ্রহণ করব, যাতে তারা স্বাবলম্বী জীবন গড়ে তুলতে পারেন। পল্টনে একটি আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করব, যেখানে ই-লাইব্রেরি, কালচারাল সেন্টার, উদ্যোক্তাদের জন্য উচ্চগতির ইন্টারনেটসহ ওয়ার্কিং স্পেস এবং সেমিনার হল থাকবে। 

নাগরিকবান্ধব ও জনদুর্ভোগমুক্ত ঢাকা গড়তে আবাসিক এলাকায় বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিয়ে জনদুর্ভোগ কমিয়ে আনার কথা উল্লেখ করেন তিনি। এলপিজি গ্যাসের সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তোলার জন্য পদক্ষেপ নেয়া হবে। ভিআইপি প্রটোকলের কারণে সৃষ্ট অপ্রয়োজনীয় যানজট ও জনভোগান্তি সম্পূর্ণরূপে দূর করা হবে।

তিনি আরো বলেন, নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে জন্মনিবন্ধন, পাসপোর্ট, এনআইডি, ট্রেড লাইসেন্সসহ সকল গুরুত্বপূর্ণ সেবা আসনভিত্তিকভাবে কোন প্রকারের হয়রানি ছাড়া প্রদানের পদক্ষেপ গ্রহণ করব। পল্টন, রমনা, মতিঝিল, শাহবাগ ও শাহজাহানপুরসহ গুরুত্বপূর্ণ এলাকায় পথচারীদের জন্য বিশুদ্ধ  পানির ব্যবস্থা ও পাবলিক টয়লেট স্থাপন করা হবে।  

আগামী প্রজন্মের জন্য ঢাকা-৮ এলাকাকে বসবাসযোগ্য, দূষণমুক্ত ও পরিবেশবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে আধুনিক ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে। গুলিস্তান, মতিঝিল ও পল্টনসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। বহুতল আবাসিক ও বাণিজ্যিক নির্মাণকাজে বিল্ডিং কোড, অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, পরিবেশের মানদণ্ড অনুসরণ বাধ্যতামূলক করা হবে। 

জনতার এমপি, জনতার সেবক হিসেবে সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতে হটলাইন ও ওয়ার্ড ভিত্তিক ওয়ান-স্টপ সেবা কেন্দ্র চালু করার কথা উল্লেখ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।