শিরোনাম

নীলফামারী, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শনিবার দেশের উত্তরের জেলা নীলফামারীতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টায় জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। তারেক রহমানের আগমনকে ঘিরে নীলফামারী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে জনসভাস্থলে মঞ্চ নির্মাণ, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। তারেক রহমানের আগমনকে সামনে রেখে পুরো শহর ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, দলের শীর্ষ নেতার জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটতে পারে বলে আশা করছেন আয়োজকরা।
নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করবেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এন ছাড়াও নীলফামারী-২ (সদর) আসনের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের প্রার্থী আব্দুল গফুর সরকার, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের প্রার্থী সৈয়দ আলী এবং জেলা বিএনপির সদস্য সচিব এইচ এম সাইফুল্লাহ রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দের জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে নীলফামারীতে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এটি হবে উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী জনসভা।’