শিরোনাম

চট্টগ্রাম, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার ড. মো. জিয়াউদ্দীন আজ এক মতবিনিময় সভায় বলেছেন- প্রিজাইডিং অফিসাররা ভোট কেন্দ্রের চূড়ান্ত ক্ষমতার অধিকারী।
তিনি বলেন, ভোট কেন্দ্রে দুইভাবে বিশৃঙ্খলা হয়। একটি বাইরে থেকে অপরটি ভেতর থেকে। বাইরের দায়িত্ব আমাদের। ভেতরের দায়িত্ব প্রিজাইডিং অফিসারদের। ভেতর থেকে সমস্যা হলে আমাদের জন্য দুর্বিষহ হয়ে উঠবে। এটি মিস ম্যানেজমেন্টের জন্য হয়। তাই আন্তরিকভাবে ম্যানেজারের ভূমিকা পালন করতে হবে। সব ধরনের ক্ষমতা আপনাদের রয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মিলনায়তনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এই মতবিনিময় সভার আয়োজন করে।
ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে জিয়াউদ্দীন বলেন, এ নির্বাচনে আপনাদের ব্যালট বাক্স কেউ নিয়ে যাবে না। ব্যালট পেপারে সিল দিয়ে কেউ ব্যালট বাক্স ভরিয়ে দেবে না।
কেবলমাত্র যোগ্য ভোটাররাই ব্যালেট পেপারে সিল দেবেন। এবারের নির্বাচনকে আমরা সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ করে তুলবো।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, বিগত দিনের নির্বাচন কেমন হয়েছে আপনারা দেখেছেন। এবারের পরিবেশ ভিন্ন ধরনের।
এ রকম সুযোগকে যদি আমরা কাজে লাগাতে না পারি। তাহলে এদেশের মানুষ আমাদের ক্ষমা করবেন না।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা’র সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, এডহক ৪৮ এডি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুন, পদাতিক ৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) নোমান আহমদ, ক্যাপ্টেন মাহমুদ হাসান জাহিন, সিনিয়র সহকারী কমিশনার হেদায়েত উল্লাহ, তামজীদ রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী ও থানার ওসি মাহফুজুর রহমান।
সভায় প্রশিক্ষণপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা। এইদিন ভোটগ্রহণের জন্য ৯১ জন প্রিজাইডিং অফিসার, ৪৩৭ জন সহকারী প্রিজাইডিং ও ৮৪৪ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করে নির্বাচন কমিশন।