শিরোনাম

কক্সবাজার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন চাইনা, বিএনপি সব সময় ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়।
আজ শুক্রবার বিকেলে কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, মুক্তিযোদ্ধা হত্যাকারী ও সংখ্যালঘু নির্যাতনকারীরা এখন নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা শুরু করেছে।
শহীদদের আকাঙ্ক্ষা পূরণে ও শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক বলেছেন, ইনসাফের কথা বলে যারা ভোট চাচ্ছে, যারা নিজেদের শরিক দলের সাথে আসন বণ্টনে ইনসাফ করতে পারে না, তারা ক্ষমতায় গেলে ইনসাফ রক্ষা করতে পারবে না।
কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের প্রার্থী লুৎফর রহমান কাজলসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।