শিরোনাম

দিনাজপুর, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): দিনাজপুরের বিরামপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী সফর করবেন আগামীকাল। তার নির্বাচনী সভা সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে দলের পক্ষ থেকে।
আজ শুক্রবার সকাল ১১টায় বিরামপুর উপজেলা সরকারি কলেজ মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর-৬ আসনের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিরামপুর সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
তনি আরও বলেন,এই বিরামপুর সরকারি কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবমানে বক্তব্য রেখেছিলেন। এই মাঠে সদ্য মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে বিপুল সংখ্যক জনগণের উপস্থিতিতে বিশাল জনসভায় বক্তব্য রেখেছিলেন।
আগামীকাল দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠানে প্রস্তুতি চলছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন বার্তা প্রচার হওয়ার সাথে সাথে এই এলাকার সকল শ্রেণির পেশার মানুষের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। বাঁধভাঙা জোয়ারের মত জনসভায় মানুষের উপস্থিতি ঘটবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, এই জনসভা দিনাজপুর-৬ আসনের নির্বাচনী প্রচারণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্বাচনী জনসভা মাঠের প্রস্তুতি গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু করা হয়েছে। প্রস্তুতির কাজ তিনি গতকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত কয়েকবার পরিদর্শন করেছেন।
আজ শুক্রবার সকালে মাঠ পরিদর্শন শেষে তিনি বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত কুমারের সাথে নির্বাচনী জনসভার বিষয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে জনসভাটি সার্বিকভাবে সফল হয়।
ডা. এজেডএম জাহিদ হোসেন তারেক রহমানের বিরামপুর আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ করেন।
এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দিনাজপুর-৬ আসনে ৪টি উপজেলা জুড়ে মানুষের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর প্রিয় নেতার আগমনের খবরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য ও উৎসাহ-উদ্দীপনা। জনসভা সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি ও সাজসজ্জা।