শিরোনাম

খুলনা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এবার দেশে পরিবর্তন আনতে চায়। তিনি বলেন, মানুষ লাঙ্গল, নৌকা ও ধানের শীষে ভোট দিয়েছে, জনগণ এখন রাজনৈতিক পরিবর্তন চায়।
আজ বৃহস্পতিবার জেলার বটিয়াঘাটা উপজেলা বাজার চত্বরে জামায়াতে ইসলামী বটিয়াঘাটা উপজেলা শাখা আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী ছাত্ররাই পরিবর্তনের বার্তা দিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে- অপপ্রচার আর টিকবে না। তরুণদের এই পরিবর্তনের আকাঙ্ক্ষাই আগামী দিনের বাংলাদেশ গড়বে।
১১ দলীয় ঐক্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইসলামী চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই আন্দোলনের চেতনা- এই তিনটি চেতনাকে একত্র করে আমরা একটি মানবিক, ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে চাই।
সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারের সমালোচনা করে তিনি বলেন, হিন্দুদের ভয় দেখানো হচ্ছে-দাঁড়িপাল্লায় ভোট দিলে শাখা-সিঁদুর থাকবে না, বোরকা পরতে হবে। এসব নির্লজ্জ মিথ্যা। নিজ দলের নারী কর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার।
বটিয়াঘাটা উপজেলা জামায়াত আমির মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা ছিলেন খুলনা-১ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কৃষ্ণ নন্দী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাষ্টার শফিকুল আলম, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা জেলা সহ-সভাপতি অধ্যাপক মুফতি মাওলানা আব্দুল কাউয়ুম জমাদ্দার, খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট মুফতি ফিরোজুল ইসলাম প্রমুখ।