বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫২

বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ 

সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার কক্সবাজার-১ আসনের মগনামা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

কক্সবাজার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। 

তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় থাকে তখনি এ দেশের লবণ শ্রমিকেরা তাদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য পায়। এখন লবণের ন্যায্য মূল্য নেই। ঢাকাতে মানুষ এক কেজি লবণ ৪০ টাকা করে কিনে খায়, অথচ আমার এখানকার লবণ চাষিরা ১০ টাকাও কেজি প্রতি পায়না, এটা চরম বৈষম্য।

বৃহস্পতিবার সন্ধ্যায় মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে মগনামা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির অপর নাম গণতন্ত্র, গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। আমরা এ দেশকে কোথায় নিয়ে যাবো তার একটা রূপরেখা আমরা জনগণের কাছে দিয়েছি। দরিদ্রদের জন্য বলেছি ফ্যামিলি কার্ড দেব। আমরা দারিদ্র্য বিমোচন করবো, দেশে অর্থনৈতিক সচ্ছলতা আনবো। অথচ আমাদের প্রতিদ্বন্দ্বী, যারা ভোট করছে তাদের দেশের মানুষের জন্য কোনো পরিকল্পনা নাই।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জেলা ওলামা দলের সভাপতি আলী হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুট।

এরপর সন্ধ্যা সাতটার দিকে পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজার ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন সালাহউদ্দিন আহমদ। এসময় তিনি বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করবে বলে জানান।