শিরোনাম

নরসিংদী, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনে দলের মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতা গিয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে। এ দেশের মানুষ যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, সে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আজ বৃহস্পতিবার বিকেলে পলাশ উপজেলার আমদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় এ কথা বলেন।
মঈন খান বলেন, আওয়ামী লীগের আমলে গত ১৭ বছরে দিনের ভোট রাতে হয়েছে, তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি, দেশে উন্নয়নের নামে লুটপাটসহ নানা অনিয়ম হয়েছে। এখন সময় এসেছে সঠিক জায়গায় ভোট দিতে হবে।
নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যেন সমাজের যথাযথ স্থানে পৌঁছাতে পারেন, সে বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করবো। দেশে ১৮ কোটি মানুষের মধ্যে ৯ কোটি নারী, ৯ কোটি পুরুষ, অর্ধেক ভোটার নারী। পুরুষের উন্নয়ন হলে নারীদেরও উন্নয়ন করা হবে। কারণ আমরা নারী অধিকারে বিশ্বাসী।’
ইসলামে নারী অধিকারের কথা উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘নারীদের প্রথম অধিকার নিশ্চিত করেছিলেন হযরত মোহাম্মদ (সা.)। আরবে নারীদের অধিকার ছিলো না, কুরআন শরীফ নাজিলের পর তিনিই প্রথম নারীদের অধিকার নিশ্চিত করেছিলেন। বিএনপি মোহাম্মদ (সা.) এর আদর্শে বিশ্বাসী। তাই নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারলে আমরা নারীদের অধিকার নিশ্চিত করবো।’
এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সহ-সভাপতি হারুনর রশীদ, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।