বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৬

ঢাকা-১২ আসনকে জবাবদিহির রোল মডেল হিসেবে গড়তে চান তাসলিমা আখতার

ঢাকা-১২ নির্বাচনী এলাকায় গণসংহতি আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাসলিমা আখতার বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন। ছবি: সংগৃহীত

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা-১২ নির্বাচনী এলাকাকে সারা দেশের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান গণসংহতি আন্দোলন(জিএসএ) মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাসলিমা আখতার। তিনি বলেন, কেবল নির্বাচনের আগে প্রতিশ্রুতির মধ্যেই তারা সীমাবদ্ধ থাকবেন না; বরং সংকট সমাধানের সুস্পষ্ট পথনকশা তুলে ধরতেই ১২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ভোটারদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে ‘সিটিজেন কাউন্সিল’ গঠনের উদ্যোগ নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার ঢাকা-১২ আসনের তেজকুনিপাড়া ও কলমিলতা মার্কেট এবং হোন্ডা গলি সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

গণসংযোগকালে তাসলিমা আখতার স্থানীয় ভোটারদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও নজরদারির মাধ্যমেই জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।

গণসংযোগ শেষে তাসলিমা আখতার বলেন, অধিকাংশ রাজনৈতিক দল জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী পর্যাপ্তসংখ্যক নারী প্রার্থী মনোনয়ন দেয়নি। কোনো কোনো দল একেবারেই নারী প্রার্থী দেয়নি। এ ক্ষেত্রে, গণসংহতি আন্দোলন জুলাই সনদে নির্দেশিত অনুপাতের চেয়েও বেশি হারে নারী প্রার্থী মনোনয়ন দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের ভোট দিয়ে দেশের ভোটাররা জাতীয় সংসদে নারীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।