বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪১

নির্বাচন উপলক্ষ্যে রংপুরে সেনাবাহিনীর মহড়া

রংপুর বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত। ছবি: বাসস

রংপুর, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে রংপুর বিভাগে উদ্ভূত যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের কমান্ডো গ্রুপের উদ্যোগে আজ বিকেলে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় মহড়া শেষে জানানো হয়, নির্বাচন চলাকালে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

মহড়ায় ১০ সদস্যের প্যারা কমান্ডো গ্রুপ হেলিকপ্টারের মাধ্যমে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে অবতরণ করে।

নির্বাচনের দিনে রংপুর বিভাগের দুর্গম এলাকায় কোনো ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে, কীভাবে হেলিকপ্টারের মাধ্যমে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে-তা এই মহড়ার মাধ্যমে প্রদর্শন করা হয়।

সেনাবাহিনীর এই আকর্ষণীয় ও শৃঙ্খলাবদ্ধ মহড়া প্রত্যক্ষ করতে বিভিন্ন বয়সি শত শত মানুষ সড়কের পাশে দাঁড়িয়ে তা উপভোগ করেন।