শিরোনাম

সিলেট, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামির নির্বাচনী জনসভা আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভা ও জামায়াতের আমির সিলেট সফর উপলক্ষ্যে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা নগরীর ধোপাদিঘীরপার ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও মহানগর ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও মহানগর ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শনিবার বিকেল ৩টায় আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। উক্ত জনসভায় সিলেট জেলার ৬টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীগণ এবং সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেওয়া হবে। জনসভা সফলে ইতোমধ্যে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জনসভা বিকেল ৩টায় শুরু হবে এবং সাড়ে ৪টার মধ্যে সমাপ্ত হবে। জামায়াত আমির হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এর আগে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে জনসভায় যোগদান করবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে।