বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৭

উত্তরায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণায় ক্যারাভ্যান

বৃহস্পতিবার উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনের মাধ্যমে প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন। ছবি: বাসস

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ঢাকা-১৮ আসনের উত্তরখান ও দক্ষিণখান থানার বিভিন্ন এলাকায় ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনের মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যারাভ্যানের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা হচ্ছে। এছাড়া, প্রচারণাকালে গাড়িতে শাপলা কলি প্রতীক এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গান পরিবেশন করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। পথে পথে মানুষ থেমে ক্যারাভ্যানের প্রচারণা লক্ষ্য করছে এবং অনেকেই ইতিবাচক সাড়া দিচ্ছে।

এর আগে উদ্বোধনী বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, ভারতীয় আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতেই আমরা ১১ দল ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট’ গঠন করেছি। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গড়ে তুলতে প্রচারণা চালাচ্ছি।

তিনি আরো বলেন, আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আর সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটকে বিজয়ী করতে হবে এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে।

তিনি আরো বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে কেউ চাইলেই আর স্বৈরাচার হতে পারবে না। আমরা এমন বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ হবে জনতার। সে লক্ষ্যে আমরা প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।