শিরোনাম

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ন্যায়বিচার ছাড়া কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না। প্রবল বৈষম্যের মধ্যে সমাজ দীর্ঘদিন স্থিতিশীল থাকতে পারে না। তাই একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই এখন সময়ের দাবি।
আজ বৃহস্পতিবার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেহপুর বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি গণতন্ত্র ও ভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, গণতন্ত্র ছাড়া জনগোষ্ঠীর বিভিন্ন অংশ তাদের স্বার্থ ও দাবি প্রকাশের সুযোগ পায় না। এসব দাবি রাষ্ট্রীয়ভাবে দরকষাকষির মাধ্যমে সমাধান না হলে সমাজ বিভক্ত হয়ে পড়ে, যা শেষ পর্যন্ত ভাঙন ও ধ্বংস ডেকে আনতে পারে।
জোনায়েদ সাকি বলেন, গণতন্ত্র ও ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সম্ভব।
আজ সকাল থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের প্রার্থী হিসেবে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মাথাল মার্কার প্রচারণা চালান।
প্রচারণাকালে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরীফপুর গ্রামে আয়োজিত আরেকটি পথসভায় অংশ নেন বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি। তিনি গ্রামবাসীর উদ্দেশে জোনায়েদ সাকিকে মাথাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
জোনায়েদ সাকি বলেন, দীর্ঘ ১৭ বছর পর জনগণ আবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এই ভোট ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি ভোটারদের সামনে একটি গুরুদায়িত্ব হাজির হয়েছে।’
নির্বাচনে গণভোটে তিনি ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে রাষ্ট্রব্যবস্থার স্বৈরাচারী ও ফ্যাসিস্ট চরিত্র থেকে দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার পথ উন্মোচিত হবে।