শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়া, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ব্রাহ্মণবাড়িয়া-৬ (সোনারামপুর ও বাঞ্ছারামপুর) আসনের বিএনপি সমর্থিত ও গণসংহতি আন্দোলনের মাথাল মার্কার প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, ‘বাঞ্ছারামপুরকে আমরা একটি নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। শিশুর জন্য নিরাপদ, নারীর জন্য নিরাপদ। কেউ যাতে আর ধর্ষণের শিকার না হয়।’
আজ সকালে বাঞ্ছারামপুরের সোনারামপুর ইউনিয়নের চর শিবপুরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদ ছাত্রদল নেতা নয়ন মিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি ।
জোনায়েদ সাকি বলেন, ‘আমাদের প্রথম কাজ হবে বাঞ্ছারামপুরের বাড়িগুলোতে গ্যাসের সমস্যার সমাধান করা। ইউনিয়ন পর্যায়ে আপনারা এলপিজি গ্যাসের সরবরাহ পাবেন। সেইসঙ্গে বাঞ্ছারামপুরের রাস্তাঘাট আমরা অগ্রাধিকার ভিত্তিতে ঠিক করব।’
তিনি আরো বলেন, মেঘনায় বেড়িবাঁধ ও সেতু নির্মাণ, শিল্প-কলকারখানা এবং কৃষিতে নানা ধরনের বিনিয়োগ পরিকল্পনায় রয়েছে। এই বিনিয়োগ বাঞ্ছারামপুরের প্রবাসীরাই করতে পারবেন। আমাদের নদী-নালা, খাল-বিল রক্ষা করতে হবে। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ন্যায্য অংশ আদায় আমাদের লক্ষ্য।
বিএনপি জোট মনোনীত এই প্রার্থী বলেন, ‘আমরা আমাদের শিশু ও তরুণদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং প্রযুক্তির প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই যাতে তারা নিজেরাই উদ্যোক্তা হতে পারে।’
জোনায়েদ সাকি বলেন, ‘আমাদের তরুণরা যাতে মাদকের কবলে না পড়ে, সন্ত্রাসীর কবলে না পড়ে, সেই ব্যবস্থা আমরা করব। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই এক সঙ্গে মিলেমিশে অধিকার ও মর্যাদা নিয়ে থাকতে চাই। আমরা বাঞ্ছারামপুরে রাজনৈতিক খুনাখুনি চিরতরে বন্ধ করতে চাই।’