বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪১

তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম

বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি : বাসস

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা।’

তিনি আরো বলেন, ‘একসময় এই দেশের নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর অবর্তমানে ছিলেন বেগম খালেদা জিয়া। আর এখন দেশের মানুষ যাকে গ্রহণ করেছে, তিনি তারেক রহমান।’

আজ বুধবার রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

নির্বাচনের দিন যত নিকটবর্তী হচ্ছে, জামায়াতের আচরণ তত অস্বাভাবিক হয়ে উঠছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, এখন ধৈর্য ধরার সময়। ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে। নইলে ১২ তারিখের পর শুয়ে পড়তে হতে পারে। যদি বেশি অধৈর্য হন তাহলে বইসা যান।

ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থীর একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে আবদুস সালাম বলেন, ওই ঘটনার তীব্র প্রতিবাদ  জানাচ্ছি। এর মাধ্যমে একটি দলের প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে। তারা এখনো বাংলাদেশ সেনাবাহিনীকে গ্রহণ করতে পারেনি। মুক্তিযুদ্ধের সময় তারা সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরেছিল বলেই এখনো তারা পাকিস্তানি ভাবধারায় রয়েছে।

সেনাবাহিনী সম্পর্কে অবমাননাকর বক্তব্য ও সমালোচনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

তারেক রহমানের বিষয়ে কথা বলার সময় সম্মান বজায় রাখার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, বিএনপি জামায়াতের আমির সম্পর্কেও সম্মান রেখেই কথা বলে। নারীদের বিষয়ে জামায়াতের অবস্থানের সমালোচনা করা হলেও সেটিও সম্মানের সঙ্গেই করা হয়।

তিনি বলেন, ইনশাল্লাহ তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশকে বাঁচাতে হলে এবং দেশকে রক্ষা করতে হলে তারেক রহমানের কোনো বিকল্প নেই।

নির্বাচনের দিন ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যাবেন। কোথাও কারচুপি হতে দেওয়া যাবে না। ফলাফল গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ ভোট ডাকাতি করে নিয়ে যেতে না পারে।

আগামী ১২ তারিখ জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার গঠিত হলে দেশ স্থিতিশীল হবে উল্লেখ করে আবদুস সালাম বলেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারই দেশকে সামনে এগিয়ে নিতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, তাবিথ আউয়ালসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী।