শিরোনাম

কুমিল্লা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচনী প্রচারণায় বাধা, ব্যানার পোড়ানো ও নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ওই আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেছেন, ভয় দেখিয়ে বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনকে থামানো সম্ভব নয়।
আজ মঙ্গলবার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণের সঙ্গে যে গণসংযোগ ও জনসমর্থনের স্রোত তৈরি হয়েছে, তা ব্যানারে আগুন লাগিয়ে বা পোস্টার ছিঁড়ে বন্ধ করা যাবে না। কর্মীদের ভয় দেখিয়ে বা হামলার মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম দমিয়ে রাখার চেষ্টা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।
তিনি বলেন, যারা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সাধারণ মানুষের অধিকার খর্ব করার চেষ্টা করছে, তাদের কর্মকাণ্ডের বিচার একদিন হবেই। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানুষ কখনো একা নয়।
উঠান বৈঠকে তিনি সবাইকে সকল ধরনের ভয়ভীতি উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত থাকার অনুরোধ করেন।
এ সময় কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামায়াতের সভাপতি অধ্যাপক শহিদুল ইসলামসহ জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।